বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণা; বাদ পড়লেন বাবর আজম, নতুনদের জয়জয়কার

0
বাবর আজমকে বাদ দিয়েই বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক ॥ ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য আমূল পরিবর্তন এনে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দলে বড় চমক হলো পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমের বাদ পড়া। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে ঘোষিত এই দলে বাবর আজমের পাশাপাশি চোটের কারণে জায়গা পাননি বিধ্বংসী ওপেনার ফখর জামানও।

টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার খেসারত দিতে হয়েছে বাবরকে। বিশ্বকাপে ৬ ম্যাচে ১১২.৩৪ স্ট্রাইক রেটে মাত্র ৯১ রান করা এই তারকা ব্যাটারকে ওয়ানডে দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচক প্যানেল। যদিও বাবর সর্বশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন, কিন্তু বর্তমান ফর্ম ও ফিটনেস বিবেচনায় তরুণদের ওপরই বেশি আস্থা রেখেছে পিসিবি। দলের নেতৃত্ব সামলাবেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

নির্বাচকদের এই নতুন পরিকল্পনায় দলে ডাক পেয়েছেন ৬ জন আনকোরা ক্রিকেটার, যাদের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। এই তালিকায় সবচেয়ে বড় নাম সাহিবজাদা ফারহান, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩৮৩ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। এছাড়া পাকিস্তান শাহিনস দলের হয়ে আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করা আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ এবং শামিল হোসেনকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাকা হয়েছে।

পাকিস্তানের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।