ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনিপুত্র মোজতবা

0
ইরানের নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হলেন মোজতবা খামেনি। বাবার প্রয়াণের পর বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সমর্থনে তাকে দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আয়াতুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর নাটকীয় মোড় নিয়েছে ইরানের রাজনীতি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানের নতুন ‘সুপ্রিম লিডার’ বা সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন খামেনির মেজো ছেলে মোজতবা। বুধবার (৪ মার্চ) সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, ইরানের শক্তিশালী বিপ্লবী গার্ডের (আইআরজিসি) সরাসরি চাপে ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবাকে এই শীর্ষ পদের জন্য নির্বাচিত করে।

অন্যদিকে, গত শনিবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দাফন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা ফার্স নিউজ। খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে তাঁর জন্মস্থান ও পবিত্র শহর মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা করা হবে। ৮৬ বছর বয়সী এই নেতা দীর্ঘ ৩৬ বছর ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। দাফনের তারিখ নিয়ে এখন পর্যন্ত গোপনীয়তা রক্ষা করা হলেও মাশহাদে সর্বোচ্চ নেতার বাবার কবরের পাশেই তাঁর চিরনিদ্রার স্থান নির্ধারণ করা হয়েছে। মোজতবার এই অভিষেক ইরানের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।