চাঁদাবাজ–অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করে বিশেষ অভিযানের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

0
ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তৃতীয় তলার সম্মেলনকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযানের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নিয়েছে সরকার। রাজধানী ঢাকাসহ সারাদেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সন্ত্রাসীদের তালিকা প্রণয়নে পুলিশকে সম্পূর্ণ ‘নির্মোহ’ ও নিরপেক্ষ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “সরকারের প্রধান লক্ষ্য হলো দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনা। পুলিশ কোনো ব্যক্তির স্বেচ্ছাচারী নির্দেশ পালন করবে না, বরং আইনানুগভাবে চলবে।” বাহিনীর হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারে ‘চেইন অব কমান্ড’ প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকার তীব্র যানজট নিরসনে একটি বিশেষ সেল গঠনের ঘোষণা দিয়ে মন্ত্রী জানান, ডিএমপি কমিশনারকে এক সপ্তাহের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশেষ করে ভিআইপি ও প্রধান সড়কে অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা চলাচল সীমিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। উত্তরা থেকে সচিবালয়মুখী সড়কে পরীক্ষামূলকভাবে এই কড়াকড়ি শুরু হবে। মন্ত্রী আরও বলেন, পুলিশের সংস্কার ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা জোরদার করার মাধ্যমে একটি জনবান্ধব বাহিনী গড়ে তোলা হচ্ছে।