ভূমি কার্যালয়ে আসেননি কর্মকর্তা-কর্মচারীরা, বারান্দায় বসে ছিলেন প্রতিমন্ত্রী

0
সকাল ৯টা পার হলেও তালাবদ্ধ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস! কর্মকর্তাদের অপেক্ষায় বারান্দায় বসে থাকলেন ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও খোলেনি অফিসের কক্ষ, দেখা নেই কোনো কর্মকর্তা-কর্মচারীর। এমন পরিস্থিতিতে সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে অফিসের বারান্দায় বসে অপেক্ষা করতে বাধ্য হলেন খোদ ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার (৪ মার্চ) সকাল ৯টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে এই নজিরবিহীন অব্যবস্থাপনা প্রত্যক্ষ করেন তিনি।

সকালে পরিদর্শনে গিয়ে প্রতিমন্ত্রী দেখেন, প্রধান ফটক খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলো তালাবদ্ধ। কেবল একজন পরিচ্ছন্নকর্মী ছাড়া অফিসের আর কেউ কর্মস্থলে উপস্থিত ছিলেন না। প্রায় আধঘণ্টা বারান্দার সাধারণ চেয়ারে বসে অপেক্ষা করার পর খবর পেয়ে একে একে উপস্থিত হন সংশ্লিষ্টরা। এসময় প্রতিমন্ত্রী সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন।

সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, আমলাতান্ত্রিক মনোভাব পরিহার করে জনগণকে সঠিক সেবা দিতে হবে। এই গাফিলতির ঘটনায় বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে দেশের যেকোনো প্রান্তে এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে।