সকাল ৯টা থেকে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক; সরকারি কর্মকর্তাদের জন্য কড়া নির্দেশ দিয়ে পরিপত্র জারি

0
সকাল ৯টা থেকে ৯:৪০ পর্যন্ত ডেস্কে থাকা বাধ্যতামূলক ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সরকারি অফিসে শৃঙ্খলা ফেরাতে এবং জনসেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (২ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক পরিপত্রে জানানো হয়েছে, এখন থেকে সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিন সকাল ৯:০০টা থেকে ৯:৪০ মিনিট পর্যন্ত আবশ্যিকভাবে নিজ নিজ অফিস কক্ষে অবস্থান করতে হবে।

পরিপত্রে উল্লেখ করা হয়, অনেক ক্ষেত্রে কর্মকর্তারা অফিসে আসার পথে সেমিনার, কর্মশালা বা ব্যক্তিগত কাজে জড়িয়ে পড়ায় নির্ধারিত সময়ে ডেস্কে উপস্থিত থাকেন না, যা দাপ্তরিক গতিশীলতা ব্যাহত করে। এখন থেকে দাপ্তরিক অন্যান্য কর্মসূচিও এমনভাবে সাজাতে হবে যাতে এই ৪০ মিনিট সময়টুকু বিঘ্নিত না হয়। তবে শিক্ষক, চিকিৎসক, সংবাদমাধ্যম, জেলখানা ও জরুরি সেবায় নিয়োজিত রোস্টার ডিউটির কর্মীদের ক্ষেত্রে এই সময়সীমা শিথিল থাকবে। এছাড়া ভিভিআইপি প্রটোকল বা জরুরি দাপ্তরিক কাজ ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অফিস চলাকালে কর্মস্থল ত্যাগ করা যাবে না বলেও পরিপত্রে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সরকার।