বাবার ওপর প্রতিশোধ নিতেই শিশু ইরা মনিকে ‘বলি’

0
সীতাকুণ্ডে শিশু ইরা মনিকে গলা কেটে হত্যার রহস্য উন্মোচন। বাবার ওপর প্রতিশোধ নিতেই এই পৈশাচিক পথ বেছে নেয় প্রতিবেশী ঘাতক।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিবেশীর সাথে পারিবারিক বিরোধের নৃশংস বলী হলো আট বছরের শিশু ইরা মনি। বাবার ওপর দীর্ঘদিনের ক্ষোভ মেটাতে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে অপহরণ, ধর্ষণের চেষ্টা এবং শেষে গলা কেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় সীতাকুণ্ড থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। ঘাতক বাবু শেখকে (৪৫) ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত রোববার সকালে কুমিরা মাস্টারপাড়ার বাসিন্দা ও টমটম চালক মনিরুল ইসলামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে ইরা মনিকে কৌশলে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেনের দুর্গম পাহাড়ে নিয়ে যায় প্রতিবেশী বাবু শেখ। সেখানে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে এবং শিশুটি চিৎকার করলে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে পালিয়ে যায় ঘাতক। রক্তাক্ত অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে এলে স্থানীয় শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট্ট ইরা। ঘাতক বাবু শেখ গাইবান্ধার বাসিন্দা হলেও কুমিরায় ভুক্তভোগী পরিবারের পাশেই ভাড়া থাকতেন। গ্রেপ্তারের পর তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন এবং ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে।