সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

0
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। আগামী ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সোমবার (২ মার্চ) বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবের যাবতীয় লেনদেনের তথ্য ও নথি বিএফআইইউতে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া এই ছাত্রপ্রতিনিধি অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া, শ্রম এবং পরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত বছরের ১০ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন।

ব্যাংক হিসাব তলবের বিষয়ে আসিফ মাহমুদ জানান, তিনিসহ মোট চারজন উপদেষ্টার তথ্য চাওয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এই প্রক্রিয়াটি আইনসম্মত কি না তা নিয়ে প্রশ্ন তুলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে, পদত্যাগের আগেই তিনি তার সম্পদের হিসাব জমা দিয়ে এসেছেন এবং আজ নিজেই নিজের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে উন্মুক্ত করে দেবেন। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত আসিফ মাহমুদের মোট সম্পদের পরিমাণ ছিল ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা।