গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

0
সীতাকুণ্ড ইকোপার্কে সাত বছরের শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা। মুমূর্ষু অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের গভীর জঙ্গলে সাত বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (১ মার্চ) দুপুরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় সড়ক উন্নয়ন কাজের শ্রমিকরা।

বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে ইকোপার্কের প্রায় ৫ কিলোমিটার গভীরে কাজ করার সময় শ্রমিকরা দেখতে পান, একটি শিশু জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় টলমল পায়ে সড়কের দিকে আসছে।

শিশুটির শ্বাসনালী কাটা ছিল এবং পরনের কাপড় রক্তে ভেজা থাকলেও দেহের নিচের অংশে কোনো পোশাক ছিল না। উদ্ধারকারীরা দ্রুত কাপড় দিয়ে গলা বেঁধে তাকে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শিশুটি নৃশংস ধর্ষণের শিকার হয়েছে এবং তাকে মৃত ভেবে ফেলে রেখে গিয়েছিল ঘাতকরা।

সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, শিশুটিকে ফুসলিয়ে ইকোপার্কে আনা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।