চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ৫

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে নির্বাচন-পরবর্তী সহিংসতার জেরে জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হাফিজুর রহমান (২৫) নামে এক জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাসাদহ বাজারে ইফতারের পর দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় ৬ জন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসময় চিকিৎসক সুটিয়া গ্রামের জামায়াত নেতা মফিজুর রহমান ও তার ভাই হাফিজুর রহমানকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। যশোর থেকে আবার হাফিজুর রহমানকে ঢাকায় স্থানান্তর করা হয়। সেখানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

আহত অন্যরা হলেন মফিজুর রহমান (৪৫), খায়রুল ইসলাম (৫৫), মাহফুজ (২৮), মেহেদী হাসান (৩৫) ও জসীম উদ্দীন (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি সুটিয়া গ্রামে স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসানের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে শনিবার সংঘর্ষের সূত্রপাত।

উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খোকন ঘটনাটিকে ‘নিন্দনীয়’ উল্লেখ করে বলেন, “১৩ ফেব্রুয়ারি মেহেদী হাসানের ওপর হামলার জের ধরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সংঘর্ষে না জড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত।”

উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাজেদুর রহমান অভিযোগ করে বলেন, “বিএনপি নেতা-কর্মীরা নিরপরাধ জামায়াত কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের আইনি শাস্তি দাবি করছি।”

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ জানিয়েছেন, নির্বাচন-পরবর্তী বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।