মাদক চাঁদাবাজ ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়া আমাদের রাজনৈতিক অঙ্গীকার: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার মাদক সন্ত্রাস, চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য মুক্ত করা। যে কোন মূল্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়ন করবো। মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাং মুক্ত সমাজ গড়বো। কোন ভাবেই মাদক সন্ত্রাস চাঁদাবাজ কিশোর গ্যাংয়ের পক্ষে বিএনপি পৃষ্ঠপোষকতা করবে না।

শনিবার যশোর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন- মানুষের জন্য স্বস্তি দায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। মাদক সন্ত্রাস নিয়ন্ত্রণ বিএনপির রাজনৈতিক অঙ্গীকার। যশোর সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদকের ভয়াবহ বিস্তার রয়েছে। সকলে আন্তরিক হলে মাদকের ভয়াবহতা কমে আসবে। বিশেষ করে যে সকল রুট দিয়ে অবাধে মাদক আসে সেই রুট গুলো আগে চিহ্নিত করে নজরদারি বাড়াতে হবে। মাদক সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা আগে বন্ধ করতে হবে। মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসীরা রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক পৃষ্ঠপোষকতা পেয়ে থাকেন। অনেকে প্রকাশ্যে নীতির কথা বলে, আড়ালে নীতিহীনতার কাজ করে। এই সকল ব্যক্তিদের চিহ্নিত করে তাদের তালিকা তৈরি করতে হবে। তাদের নীতিহীন কর্মকাণ্ড বন্ধ করতে হবে। যাতে কোন ভাবে মাদক কারবারি এবং সন্ত্রাসীরা পৃষ্ঠপোষকতা না পায়।

প্রতিমন্ত্রী বলেন, আমার রাজনৈতিক দলের কোন নেতাকর্মীর নাম মাদক কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে কোন ছাড় দেওয়া হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ হৃদয়ে ধারন করা এবং তারেক রহমানের নেতৃত্বে মেনে চলা কোন ব্যক্তি মাদক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে না। কোন ভাবেই কেউ যদি এ ধরনের অনৈতিক কর্মকান্ডে নিজের নাম জড়িয়ে ফেলে তাহলে তিনি দলের আদর্শ চ্যূত হবেন। দলের আদর্শ চ্যূত কোন ব্যক্তির দায় বিএনপি নেবে না।

তিনি প্রশাসনের উদ্দেশ্য বলেন কেউ বিএনপি হওয়ার চেষ্টা করবেন না। পেশাদারিত্বের সাথে কাজ করবেন। কোন রাজনৈতিক কিংবা ধর্ম বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ যেন জুলুমের শিকার না। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন । খোলা মনে আত্মবিশ্বাসের সাথে জড়তা হীন ভাবে নিয়ম ও আইন মেনে দেশ ও জনগণের স্বার্থে কাজ করবেন। সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, রুহুল আমিন, যশোর স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রফিকুল হাসান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা প্রমুখ।