ইরানে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৪

0
ইরানের মিনাব শহরে প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলা, প্রাণ হারাল ৫ শিক্ষার্থী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানের দক্ষিণ হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা ভয়াবহভাবে বেড়ে দাঁড়িয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, হামলায় এ পর্যন্ত অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে। প্রাথমিক তথ্যে নিহতের সংখ্যা ৫ জন জানানো হলেও উদ্ধারকাজ চলার সাথে সাথে লাশের সংখ্যা বাড়তে থাকে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার সময় এই ট্র্যাজেডি ঘটে। মিনাব শহরের ওই বিদ্যালয়টিতে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে মুহূর্তেই তা ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক নিথর দেহ বের করে আনা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই নৃশংস হামলার প্রতিবাদে ইরান ইতিমধ্যে কুয়েত, কাতার ও আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা মধ্যপ্রাচ্যে পূর্ণমাত্রার যুদ্ধের সংকেত দিচ্ছে।