জুমার পরপরই ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দেশ

0
জুমার পরপরই ৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল দেশ; আতঙ্কে রাস্তায় নামল মানুষ।। প্রতীকী ছবি

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও মাঝারি মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে অনুভূত এই কম্পনটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.৪।

ঢাকার আগারগাঁও আবহাওয়া কেন্দ্র থেকে ১৮৮ কিলোমিটার দূরে অবস্থিত এই উৎপত্তিস্থল থেকে কয়েক সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর মতে এর মাত্রা ৫.৩। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক হুমায়ূন আখতার জানান, ভূমিকম্পটি পরপর দুই দফায় অনুভূত হয়েছে। এই কম্পনের রেশ পৌঁছেছে ভারতের পশ্চিমবঙ্গেও; সেখানে রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। উল্লেখ্য, গত বুধবার রাতেও মিয়ানমারে উৎপত্তিস্থল বিশিষ্ট ৫.১ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপেছিল দেশ। পরপর এমন কম্পনে জনমনে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে।