ধর্ষণের বিচার চাওয়াই কাল হলো; বাবার সামনে থেকে তুলে নিয়ে কিশোরীকে হত্যা

0
ধর্ষণের বিচার চেয়েও মেলেনি প্রতিকার, উল্টো বাবার সামনে থেকে অপহরণের পর প্রাণ গেল কিশোরীর।। ছবি: প্রতীকী

লোকসমাজ ডেস্ক ॥ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে তার বাবার সামনে থেকে অপহরণ করে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি শর্ষেখেত থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

নিহত কিশোরীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ দিন আগে নূরা নামের স্থানীয় এক বখাটে ও তার সহযোগীরা ওই কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করে। এ ঘটনায় স্থানীয় সাবেক ইউপি সদস্য আহমদুল্লাহর কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার পায়নি পরিবারটি; উল্টো তাদের এলাকা ছাড়ার হুমকি দেওয়া হয়। বুধবার রাতে নিরাপত্তাহীনতার কারণে কিশোরীকে খালার বাড়িতে রেখে আসতে যাওয়ার পথে নূরা ও তার দলবল বাবার কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়। রাতভর নিখোঁজ থাকার পর সকালে নির্জন শর্ষেখেতে তার নিথর দেহ পাওয়া যায়। মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে ধর্ষণের বিচার চাওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রতীয়মান হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।