দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী

0
কাগজের পাতার ঘ্রাণে তরুণদের ফেরাতে চান প্রধানমন্ত্রী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ তরুণ প্রজন্মের ইন্টারনেট আসক্তি কাটিয়ে বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা ও অনুষ্ঠানমালা ২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করে তিনি এই তাগিদ দেন। প্রধানমন্ত্রী বইমেলাকে কেবল কেনাবেচার উৎসব নয়, বরং শিক্ষা ও সংস্কৃতি বিকাশের প্রধান সূতিকাগার হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমানে বাংলাদেশে একজন মানুষ বছরে গড়ে মাত্র ৩টি বই পড়েন এবং বই পড়ার অভ্যাসে বিশ্বের ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম। তিনি উল্লেখ করেন, নিয়মিত বই পড়ার অভ্যাস স্মৃতিশক্তি ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায়। প্রধানমন্ত্রী আরও প্রস্তাব করেন যে, আগামী বছর থেকে অমর একুশে বইমেলাকে ‘আন্তর্জাতিক’ পরিসরে আয়োজন করা হবে, যাতে বিশ্ব সাহিত্যের সঙ্গে দেশের নাগরিকদের মেলবন্ধন ঘটে। একই সঙ্গে বাংলা ভাষাকে জাতিসংঘের অফিশিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।