১২ লাখ কৃষকের ঋণের বোঝা নামালো সরকার; ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত

0
১২ লাখ কৃষকের জন্য বড় সুখবর! ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে নতুন মন্ত্রিসভা।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের প্রান্তিক ও দরিদ্র কৃষকদের মুখে হাসি ফুটিয়ে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়। শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতের ক্ষুদ্র কৃষকরা এই সুবিধার আওতায় আসবেন।

বিকেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর প্রায় ১ হাজার ৫৫০ কোটি টাকা এই মওকুফ প্রক্রিয়ার আওতাভুক্ত হবে, যার ফলে সরাসরি উপকৃত হবেন প্রায় ১২ লাখ কৃষক। সচিব আরও উল্লেখ করেন, ১৯৯১-৯৬ মেয়াদে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার ৫ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করে কৃষিতে বিপ্লব এনেছিলেন; সেই ধারাবাহিকতায় এবার ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের দায় থেকে কৃষকদের মুক্তি দেওয়া হলো। এই সিদ্ধান্তের ফলে কৃষকরা মহাজনী ঋণের হাত থেকে রক্ষা পাবেন এবং উন্নত প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে জাতীয় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারবেন।