রামপালে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের হুমকি

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে মাছের ঘেরে হামলা ও চাঁদাবাজির সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দিয়েছে চিহ্নিত সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে গত মঙ্গলবার দুপুরে উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামে।

থানায় লিখিত অভিযোগে জানা গেছে, সিকিরডাঙ্গা গ্রামের আকবর আলীর ছেলে জাহিদুল ইসলাম শেখ সিকিরডাঙ্গা আবাসনের সামনের কিছু জায়গাতে দীর্ঘদিন ধরে বাসা নির্মাণ করে জমিতে ধান ও মাছ চাষ করে আসছেন।

২১ ফেব্রুয়ারি রাত ৩ টার দিকে একই গ্রামের আফসার উদ্দিন খোকার ছেলে সুন্দরবনের বনদস্যু ও মাদক বিক্রেতা শরীফ শেখ (৪২), আবাসনের মহসিন শেখের ছেলে বনদস্যু ও মাদক বিক্রেতা ইয়াছিন শেখ (৩০), ও তাদের সহযোগী মহাসীন, মুজাহিদ শেখ, বাবু শেখ ঘেরে প্রবেশ করে হামলা করে।

ওই সময় তারা জাহিদুলের বৃদ্ধ পিতা আকবর আলীকে মারধর করে ২০ হাজার চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে ঘেরের মাছসহ বাসায় থাকা সব মালামাল লুট করে নেয়। এ ঘটনায় ভুক্তভোগী জাহিদুল রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দেন।

এ ঘটনার বিষয়ে গত মঙ্গলবার দুপুরে সরেজমিনে সিকিরডাঙ্গা গ্রামে খোঁজখবর নিতে যান সাংবাদিক এম, এ সবুর রানা, মেহেদী হাসান ও তারিকুল ইসলাম। তারা ঘটনাস্থলে পৌঁছলে তাদের দেখে নেওয়ার হুমকি দেয় সন্ত্রাসী শরীফ ও ইয়াছিন।

বিষয়টি তাৎক্ষণিকভাবে রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনকে অবহিত করে প্রতিকার চাওয়া হয়। রামপাল থানার ওসি বিষয়টি আমলে নিয়ে যথাযথ আইনি ব্যাবস্থা নেবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।

এলাকাবাসী জানান, শরীফ ও ইয়াছিন পেশাদার বনদস্যু। তাদের ভয়ে তারা কোনো কথা বলার সাহস পান না। যে কোনো সময় ওই সন্ত্রাসীরা আবারও হামলা করতে পারে আশঙ্কায় জীবনের নিরাপত্তা দাবি করে তারা উর্ধ্বতন পুলিশের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।