দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপি আলী হোসেন ফকির

0
আলী হোসেন ফকির বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হন। এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

সকালে সদরদপ্তরে পৌঁছালে পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। আইজিপি পদে পদোন্নতি পাওয়ার আগে তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত আইজি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছিলেন।

পেশাদার পুলিশ কর্মকর্তা মো. আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাহিনীতে যোগদান করেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও আলী হোসেন ফকিরের কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি কসোভো এবং আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পেশাগত প্রশিক্ষণের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক এবং অফিসার্স ক্লাব ঢাকাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন।

তার এই নতুন দায়িত্ব গ্রহণ পুলিশ বাহিনীতে নতুন গতিশীলতা ও পেশাদারত্ব আনবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।