বইমেলায় নেই কোনো নিরাপত্তা ঝুঁকি, নিশ্ছিদ্র পাহারায় ৩০০ সিসিটিভি ক্যামেরা

0
শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে কোনো সুনির্দিষ্ট শঙ্কা নেই বলে জানাল ডিএমপি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ অমর একুশে বইমেলা ২০২৬ ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা সুনির্দিষ্ট শঙ্কা নেই বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার এই তথ্য জানান। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে সাজানো এবারের মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা প্রাঙ্গণ ও এর আশপাশে ৩০০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি মেলায় মোতায়েন থাকবে সাদা পোশাকের বিশেষ টিম। ডগ স্কোয়াড ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি নিশ্চিত করে দর্শনার্থীদের প্রবেশ করানো হবে। এছাড়া ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এমন বইয়ের বিষয়ে কঠোর নজরদারি থাকবে। যানজট নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করা হয়েছে। ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকলেও ছুটির দিনগুলোতে মেলা শুরু হবে বেলা ১১টা থেকে।