পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির; বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন ১৫তম বিসিএসের এই কর্মকর্তা

0
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেলেন আলী হোসেন ফকির।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত মহাপরিদর্শক আলী হোসেন ফকির। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

আলী হোসেন ফকির বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ২০ নভেম্বর বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল, যার মেয়াদ আরও ৯ মাস বাকি থাকতেই এই রদবদল করা হলো। ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্য আলী হোসেন ফকিরের বাড়ি বাগেরহাট জেলায়। তিনি এর আগে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, ডিএমপির উপকমিশনার এবং নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে কসোভো ও আইভরি কোস্টে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে উচ্চশিক্ষা নেওয়া এই কর্মকর্তা অত্যন্ত দক্ষ ও পেশাদার হিসেবে বাহিনীতে সুপরিচিত।