তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে ভোট গ্রহণ ৯ এপ্রিল

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) আসনে উপনির্বাচনে আগামী ৯ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত নির্বাচনী তফসিল–সংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়া-৬ আসনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ ও প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। ভোট গ্রহণ ৯ এপ্রিল; সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা।

১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ এই দুটি আসনে বিজয়ী হন। শপথ গ্রহণের আগের দিন বগুড়া–৬ আসন ছেড়ে দেন।

কে পাবেন বিএনপির মনোনয়ন
এদিকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে কে বিএনপির মনোনয়ন পাবেন, তা নিয়ে চলছে নানা আলোচনা। এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী তালিকায় স্থানীয় নেতাদের মধ্যে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল) এবং বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বলেন, ‘বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এ আসনটি দলীয়ভাবে জিয়া পরিবারের আসন হিসেবে পরিচিত।

অতীতে এই আসনে প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এবারের নির্বাচনে বিপুল ভোটে দলের চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন। উপনির্বাচনে কে প্রার্থী হবেন, সেই সিদ্ধান্ত দেবেন দলের চেয়ারম্যান নিজেই।