শিশুদের কুড়িয়ে পাওয়া প্লাস্টিকের বক্সে মিলল পিস্তলের ৫০ রাউন্ড গুলি

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ নাটোরের সিংড়ায় মাছ ধরতে গিয়ে খেলনা ভেবে প্লাস্টিকের একটি বক্স কুড়িয়ে পেয়েছে দুই শিশু। তবে বাড়িতে এনে খোলার পর দেখা যায়, তাতে খেলনা নয় বরং রয়েছে পিস্তলের ৫০ রাউন্ড তাজা গুলি।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লা সংলগ্ন নাগর নদীতে এই ঘটনা ঘটে। আজ মঙ্গলবার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শিশুদের মা মরিয়ম বেগম জানান, নদীর পানি কমে যাওয়ায় তার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। সেখানে তারা একটি মাঝারি আকারের প্লাস্টিকের বক্স পায়। শিশুরা সেটিকে খেলনা মনে করে বাড়িতে নিয়ে আসে। দুই দিন পর আজ বক্সটি মরিয়ম বেগমের নজরে আসলে তিনি তা খোলেন। ভেতরে পিস্তলের গুলি দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত থানায় খবর দেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুল নূর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম উদ্ধার করেছে। এই বিপুল পরিমাণ গুলি নদী তীরে কোথা থেকে এলো এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।