অনলাইন ব্যবসার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ; প্রতারক পারভেজ গ্রেপ্তার

0
ছবি: প্রতারক সাখাওয়াত হোসেন পারভেজ।

স্টাফ রিপোর্টার ॥ অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম ‘শপিফাই’ (Shopify) ব্যবহার করে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে ৬ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো. সাখাওয়াত হোসেন পারভেজ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভেজ কক্সবাজার জেলার রামু উপজেলার দক্ষিণ গোয়ালিয়াপালং গ্রামের নুরুল হকের ছেলে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী এক ব্যবসায়ী অনলাইনে শপিফাই স্টোরের মাধ্যমে ব্যবসা পরিচালনার সময় ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে পারভেজের সঙ্গে পরিচিত হন। পারভেজ নিজেকে ‘অনলাইন মার্কেটিং বিশেষজ্ঞ’ দাবি করে ২০ শতাংশ কমিশনের বিনিময়ে ওই স্টোরের পণ্য বিক্রি করে দেওয়ার চুক্তি করে। একপর্যায়ে সুকৌশলে সে স্টোরের লগইন এক্সেস (Login Access) হাতিয়ে নেয়।

পরবর্তীতে পারভেজ একটি ভুয়া নেটওয়ার্কের মাধ্যমে স্টোরে প্রায় ৪৯ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ ২৫ হাজার টাকা) সমপরিমাণ পণ্য বিক্রি হয়েছে বলে ভুক্তভোগীকে মিথ্যা তথ্য দেয়। এই বিপুল পরিমাণ পণ্য শিপিং করার অজুহাত এবং কাস্টমার রিফান্ড ঠেকানোর কথা বলে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে মোট ৬ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয় সে।

টাকা দেওয়ার পর ভুক্তভোগী তার পেওনিয়ার (Payoneer) অ্যাকাউন্টে কোনো ডলার জমা না হওয়ায় পারভেজের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় পারভেজ টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি-ধামকি দিতে শুরু করলে ভুক্তভোগী গত ৬ জানুয়ারি যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়, যার একটিতে প্রতারণায় ব্যবহৃত বিকাশ নম্বর ও সিটি ব্যাংকের অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভেজ প্রতারণার কথা স্বীকার করেছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।