ঈদের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

0
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা! ৩ মার্চ থেকে শুরু হচ্ছে অনলাইনে টিকিট যুদ্ধ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ের পক্ষ থেকে টিকিট বিক্রির এই চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়। বরাবরের মতো যাত্রী ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রয় করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ৩ মার্চ থেকে ঢাকা ও দেশের বিভিন্ন গন্তব্যের অগ্রিম টিকিট পাওয়া যাবে। এছাড়া ঈদ শেষে কর্মস্থলে ফেরার জন্য ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ থেকে। সার্ভারের ওপর চাপ কমাতে এবারও টিকিট বিক্রিতে নতুন কৌশল অবলম্বন করা হয়েছে; পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে সকালে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে। ঈদে অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি ৫ জোড়া বা ২০টি স্পেশাল ট্রেন যুক্ত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। রেলওয়ের এই আগাম প্রস্তুতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ যাত্রীরা।