পিলখানা হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা; সাক্ষীদের জবানবন্দিতে তৎকালীন প্রভাবশালী মন্ত্রীদের নাম

0
পিলখানা হত্যা মামলায় প্রথমবারের মতো আসামি হতে যাচ্ছেন শেখ হাসিনা। সাক্ষীদের জবানবন্দিতে উঠে এল তৎকালীন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতাদের নাম।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর বিদ্রোহ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় নিতে যাচ্ছে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, বিস্ফোরক এই মামলার সাক্ষীদের জবানবন্দিতে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ ওঠায় প্রথমবারের মতো আসামি হিসেবে যুক্ত হতে যাচ্ছেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই তালিকায় আরও রয়েছেন শেখ ফজলে নূর তাপস, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানকসহ তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা।

দীর্ঘ ১৬ বছর ধরে ঝুলে থাকা এই মামলার বিচারিক প্রক্রিয়া ও আপিল কার্যক্রম নিয়ে নিহত সেনা কর্মকর্তাদের পরিবারগুলো চরম ক্ষোভ ও দীর্ঘ প্রতীক্ষায় ছিল। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মামলার গতিপ্রকৃতি বদলে যায় এবং ইতিমধ্যে কয়েকশ’ আসামি জামিন পেয়েছেন। উল্লেখ্য, ২০১৩ সালের ৫ নভেম্বর বিচারিক আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড দিলেও হাইকোর্ট পরবর্তীতে ১৩৯ জনের ফাঁসির আদেশ বহাল রাখেন। পিলখানার সুরক্ষিত স্থানে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনের খুনের এই মামলার বিস্ফোরক অংশটি বর্তমানে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। নতুন করে শেখ হাসিনাসহ প্রভাবশালী নেতাদের নাম আসায় মামলাটি এখন পুনতদন্তের দিকে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে।