১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

0
সরাসরি সুবিধা যাবে নারীদের হাতে! কড়াইল বস্তি থেকে পতেঙ্গা—১৩টি এলাকায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত ও সহায়তা কার্যক্রম সমন্বিত করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করছে সরকার। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশেষ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রথম পর্যায়ে পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৩টি জেলার নির্দিষ্ট ১৩টি ওয়ার্ডে এই কার্ড বিতরণ শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, প্রথম ধাপে নির্বাচিত এলাকাগুলো হলো—বনানীর কড়াইল বস্তি (ঢাকা), পাংশা (রাজবাড়ী), পতেঙ্গা (চট্টগ্রাম), বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া), লামা (বান্দরবান), খালিশপুর (খুলনা), চরফ্যাশন (ভোলা), দিরাই (সুনামগঞ্জ), ভৈরব (কিশোরগঞ্জ), বগুড়া সদর, লালপুর (নাটোর), ঠাকুরগাঁও ও নবাবগঞ্জ (দিনাজপুর)। এই কর্মসূচির আওতায় পরিবারগুলোকে হতদরিদ্র থেকে উচ্চবিত্ত—এই চার শ্রেণিতে ভাগ করা হবে। প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি সরেজমিন যাচাইয়ের মাধ্যমে ৫ কার্যদিবসের মধ্যে তালিকা চূড়ান্ত করবে। বিশেষত নারীদের পরিবারপ্রধান হিসেবে এই কার্ড প্রদান করা হবে এবং সহায়তার অর্থ সরাসরি ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সম্প্রসারিত পাইলট প্রকল্পের সিদ্ধান্ত গৃহীত হয়।