৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

0
গুরুত্বপূর্ণ ৯টি দপ্তরের সচিবদের চুক্তির মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ জনপ্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োজিত ৯ জন সচিব ও সিনিয়র সচিবের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে আজ সকালেই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ তিন সচিবকে সরিয়ে দেওয়ার পর এই বড় পদক্ষেপ নিল নবগঠিত সরকার।

চুক্তি বাতিল হওয়া সচিবদের মধ্যে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মোখলেস উর রহমান, এস এম আকমল হোসেন ও কাইয়ুম আরা বেগম। এছাড়া বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরীর চুক্তিও বাতিল করা হয়েছে। তালিকায় আরও রয়েছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সিনিয়র সচিব) সিদ্দিক জোবায়ের, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ।