‘ফ্যামিলি কার্ডের’ আদলে ‘কৃষক কার্ড’ চালু করছে সরকার

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সভা সম্পন্ন। দ্রুত শুরু হচ্ছে পাইলট প্রকল্প।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দেশের কৃষকদের ভাগ্য উন্নয়নে এবার ‘ফ্যামিলি কার্ডের’ মতো ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এক উচ্চপর্যায়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। খুব দ্রুতই এই প্রকল্পের পাইলট কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

সভা শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের জানান, কৃষক কার্ড চালু করা বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। নীতিগতভাবে এটি অনেক আগেই চূড়ান্ত হলেও আজ প্রধানমন্ত্রী এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন। মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে যত দ্রুত সম্ভব এই কার্ড কৃষকদের হাতে পৌঁছে দেওয়া। তবে এর জন্য কিছু কারিগরি প্রস্তুতির প্রয়োজন রয়েছে।” কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সার, বীজ ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। পাইলট প্রকল্পের সফলতার পর এটি সারাদেশে বিস্তৃত করা হবে।