আওয়ামী লীগের কার্যালয় খোলার চেষ্টা আইনগতভাবে দেখা হবে; নয়াপল্টনে মির্জা ফখরুল

0
নির্বাচনের পর প্রথমবার নয়াপল্টনে মির্জা ফখরুল। নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও সংরক্ষিত নারী আসন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করলেন বিএনপি মহাসচিব।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ বিএনপির মহাসচিব ও নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিষিদ্ধ ঘোষিত দল হিসেবে আওয়ামী লীগের কার্যালয় খোলার যেকোনো প্রচেষ্টা আইনগতভাবেই মোকাবিলা করা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এই প্রথম সরকারের কোনো মন্ত্রী বা জ্যেষ্ঠ নেতা হিসেবে তিনি দলীয় কার্যালয়ে যান।

মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম আইনগতভাবে নিষিদ্ধ, তাই তাদের অফিস খোলার বিষয়টি সেই আলোকেই দেখা হবে।” নয়াপল্টন কার্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করে তিনি বলেন, এখান থেকেই প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বড় বড় গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী জানান, সরকারি নিয়ম ও প্রথা মেনে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে। এছাড়া জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে দলের ত্যাগী ও জনগণের সঙ্গে সম্পৃক্ত নেত্রীদের প্রাধান্য দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।