চুয়াডাঙ্গায় বেকারিতে ভয়াবহ অনিয়ম; ডালডায় মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহারের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

0
চুয়াডাঙ্গায় দুই বেকারিতে অভিযান; ডালডায় মরা ইঁদুর ও মেয়াদোত্তীর্ণ ফ্লেভার পাওয়ায় জরিমানা।। ছবি: ভিডিও থেকে নেওয়া

চুয়াডাঙ্গা প্রতিনিধি ॥ চুয়াডাঙ্গায় বেকারি পণ্যের কারখানায় ভয়াবহ ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২২ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার দৌলাতদিয়াড় ও রেলগেট বাজার এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দৌলাতদিয়াড়ের ‘মৌসুমী ফুড প্রোডাক্টস’-এ তল্লাশি চালিয়ে খাদ্যপণ্য তৈরিতে ব্যবহৃত ডালডার ভেতর মরা ইঁদুর এবং মেয়াদোত্তীর্ণ ফ্লেভার পাওয়া যায়। এছাড়া অগ্রিম তারিখ ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইদুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ পাউরুটি পুনরায় নতুন প্যাকেটে বাজারজাত করার অপরাধে রেলবাজারের ‘অনন্যা ফুড প্রোডাক্টস’-এর মালিক সাইদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ও পুলিশের সহযোগিতায় জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।