অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষে নিজ কর্মস্থলে ফিরলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস

0
দীর্ঘ ১৮ মাস অন্তর্বর্তী সরকারের সফল নেতৃত্ব দিয়ে আবারও নিজ কর্মস্থলে ফিরেছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সফল নেতৃত্ব দেওয়ার পর অবশেষে নিজের পুরনো কর্মস্থলে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ‘ইউনূস সেন্টারে’ পৌঁছালে সহকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে তাঁর এই ঐতিহাসিক রাষ্ট্রীয় দায়িত্বের সমাপ্তি ঘটে।

ইউনূস সেন্টার সূত্রে জানা গেছে, এদিন সকালে গ্রামীণ পরিবারের বিভিন্ন সংগঠনের প্রধান ও ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। ড. ইউনূস নিজেও তাঁর ফেসবুক পেজে কর্মস্থলে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন। ২০২৪ সালের ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া এই বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব বর্তমানে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’তে অবস্থান করছেন। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী মাস নাগাদ তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরে যেতে পারেন। দীর্ঘ দেড় বছর পর তাঁর নিজ প্রতিষ্ঠানে ফেরায় গ্রামীণ পরিবারে বইছে আনন্দের জোয়ার।