১০-১২ মার্চের মধ্যে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন; তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর প্রথম সভায় সিদ্ধান্ত

0
১০-১২ মার্চের মধ্যে সংসদের যাত্রা; বিরোধী দল থেকে হতে পারে ডেপুটি স্পিকার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে শুরু হতে যাচ্ছে নবনির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শনিবার (২১ ফেব্রুয়ারি) তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এই সময়সূচি নির্ধারণ করা হয়। সরকারপ্রধান হিসেবে এটি ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কর্মদিবস এবং তেজগাঁও কার্যালয়ে তাঁর প্রথম অফিস।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানান, সংবিধান অনুযায়ী ১৪ মার্চের মধ্যে অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে। প্রথম অধিবেশনের শুরুতেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। রাষ্ট্র সংস্কারের ‘জুলাই জাতীয় সনদ’ ও বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, এবার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন এবং অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপিত হবে। স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশনের সভাপতিত্ব কে করবেন তা নিয়ে আলোচনা চলছে; তবে রেওয়াজ অনুযায়ী একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।

এদিকে, সংসদ নেতা হিসেবে তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন। সংসদ সচিবালয় অধিবেশন আহ্বানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে রাষ্ট্রপতির দপ্তরে চিঠি পাঠিয়েছে। অন্যদিকে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আসন্ন ঈদুল ফিতরের আগেই মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের কাজ পর্যায়ক্রমে শুরুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।