নতুন সরকারের তিন অগ্রাধিকার নির্ধারণ

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক সম্পন্ন। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও বিদ্যুৎ—এই তিন খাতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত সরকারের।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ শপথ গ্রহণের পরদিনই রাষ্ট্র পরিচালনায় কর্মতৎপরতা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। আজ বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনটি বিষয়কে সরকারের প্রাথমিক অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে। বিষয়গুলো হলো—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে ২৫ জন মন্ত্রী, ২৪ জন প্রতিমন্ত্রী এবং ১০ জন উপদেষ্টা অংশ নেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের জানান, সরকার আগামী ১৮০ দিনের একটি বিশেষ অগ্রাধিকার কর্মসূচি (অ্যাকশন প্ল্যান) নিয়ে কাজ করছে। বিশেষ করে আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ইফতার ও তারাবিহর সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী সরকারের সকল সচিবদের সঙ্গেও মতবিনিময় করেন। সেখানে তিনি দলীয় সম্পৃক্ততা বিবেচনা না করে মেধার ভিত্তিতে কর্মকর্তাদের মূল্যায়নের ঘোষণা দেন। প্রধানমন্ত্রী সচিবদের প্রতি বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে পেশাদারত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। এর আগে সকালে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।