জীবননগরে নিখোঁজের ৮ দিন পর ভৈরব নদ থেকে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

0
ছবি: লোকসমাজ।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কালা গ্রামে ভৈরব নদ থেকে শিমুল (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০ টার দিকে স্থানীয় লোকজন নদে কচুরিপানার ভেতরে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। শিমুল উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের খলিলুর রহমানের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৭ থেকে ৮ দিন আগে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

এ ব্যাপারে জীবননগর থানায় একটি মামলা হয়েছে।