আড়াই দশকে সর্বনিম্ন: সরাসরি নির্বাচিত মাত্র ৭ জন নারী প্রার্থী

0
নির্বাচিত ৭ নারীর ৬ জনই বিএনপির; সংসদে নারী অংশীদারিত্ব মাত্র ১৬ শতাংশ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে নারী জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার চিত্রে বড় ধরনের ধস নেমেছে। গত বৃহস্পতিবারের নির্বাচনে মাত্র ৭ জন নারী প্রার্থী সরাসরি ভোটে জয়লাভ করেছেন, যা ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সর্বনিম্ন। সরাসরি জয়ী ৭ জনের মধ্যে ৬ জনই বিএনপি মনোনীত এবং ১ জন স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক দলগুলোর নারী মনোনয়নে অনীহা এবং নির্বাচনের সময় নারীবিদ্বেষী প্রচারণা এই বিপর্যয়ের অন্যতম কারণ। যদিও রাজনৈতিক দলগুলো অন্তত ৫ শতাংশ আসনে নারী মনোনয়নের অঙ্গীকার করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি। এবারের নির্বাচনে ২৯৯টি আসনের বিপরীতে ৮৬ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খানম, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, সিলেট-২ আসনে তাহসিনা রুশদী লুনা, নাটোর-১ আসনে ফারজানা শারমিন, ফরিদপুর-২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী রুমিন ফারহানা।

সংরক্ষিত ৫০টি আসনসহ আগামী সংসদে মোট নারী সদস্যের সংখ্যা দাঁড়াবে ৫৭ জনে, যা মোট সংসদের মাত্র ১৬ শতাংশ। নারী অধিকারকর্মীরা মনে করছেন, তৃণমূল থেকে দীর্ঘমেয়াদী নারী নেতৃত্ব গড়ে না তুললে এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না করলে এই হার বাড়ানো সম্ভব নয়।