রংপুর-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে মহাসড়ক অবরোধ

0
মহাসড়ক অবরোধ করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মী ও সমর্থকরা, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুর-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এমদাদুল হক ভরসার কর্মী ও সমর্থকরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে সড়কে অবস্থান নিতে শুরু করেন তারা। এক পর্যায়ে বেলা ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। বেলা ৩টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা ঘটনাস্থলে গিয়ে ভোট পুনর্গণনার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলেন নেন বিক্ষোভকারীরা।

এসময় তাদের ‘আখতার ভোট চোর, ভোট চুরি মানবো না, মানি না’ ইত্যাদি শ্লোগান দিতে দেখা গেছে। সড়ক অবরোধের কারণে রাস্তার দু’ধারে কয়েক কিলোমিটার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, জনগণ আমাকে ভোট দিয়েছে। কিন্তু প্রশাসন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পরিবর্তন করে দিয়েছে। জনগণের দাবি হলো ভোট পুনর্গণনার করা হোক। পুনর্গণনার যা ফলাফল আসবে ভোটাররা তা মেনে নেবে।

তিনি আরও বলেন, আমার কর্মী-সমর্থকরা আন্দোলন করলে আইনের কথা বলা হচ্ছে। অথচ ডিসি সাহেব যখন নির্বাচনী দায়িত্বে থেকে ফলাফল পরিবর্তন করলো; তখন তারা কোনো আইন-কানুন মানে নাই। আমার সন্দেহ হচ্ছে ডিসি সাহেব ভোট পুনর্গণনার করতে কালক্ষেপন করে পুনরায় ভোট ইঞ্জিনিয়ারিং করবে।

রংপুর-৪ আসনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত আখতার হোসেন বলেন, হারাগাছ এলাকায় এখন ভরসার ভাড়া করা লোকেরা যা করছে তা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। প্রশাসনের কর্তারা আলোচনার মাধ্যমে আইনগতভাবে এই সমস্যার সমাধান করুন। সময়ক্ষেপন করার সুযোগ নেই।

এদিকে একই দাবিতে সকালে পীরগাছা বাজারে এলাকায় উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রিটার্নিং কর্মকর্তা বরাবর ভোট পুনর্গণনার আবেদন করেন তিনি।