সৎ লোকের শাসন কায়েমের কথা বলে তারা ভোট চুরির ষড়যন্ত্র করছে

গণসংযোগে অনিন্দ্য ইসলাম অমিত

0
ছবি: লোকসমাজ।

মাসুদ রানা বাবু ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সৎ লোকের শাসন কায়েমের কথা বলে তারা আজ নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নতুন করে আবার আমাদের ভোট চুরি, ডাকাতি ও ছিনতাই করার ষড়যন্ত্র করছে। আমরা সতর্ক থাকলে কারও শক্তি নেই আমাদের ভোটের অধিকার ছিনিয়ে নেবার।

আগামী ১২ তারিখ যশোরের ৬টি আসনে ধানের শীষের প্রার্থীরা যশোরবাসীর আমানত সুরক্ষার স্বার্থে সবকটি ভোটকেন্দ্র পাহারার সুব্যবস্থা করবে। ভোটকেন্দ্র দখল করতে হলে আমাদের লাশের ওপর দিয়ে দখল করতে হবে।

রোববার সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় তিনি এ কথা বলেন। এছাড়াও অনিন্দ্য ইসলাম অমিত ঝিকরগাছা পৌর সদরে অনুষ্ঠিত যশোর-২ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি আদর্শপাড়া থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেন। শুরুতে অনিন্দ্য ইসলাম অমিতকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করেন এলাকাবাসী।

তিনি আরও বলেন, ধানের শীষ জাতীয় ঐক্যের প্রতীক। একটি দল ধর্মকে ব্যবহার করে রাজনীতির নামে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। তারা ইসলাম ধর্ম থেকে হাজার মাইল দূরে। দেশের ওলামা-মাশায়েখ উপলব্ধি করতে পেরেছেন একমাত্র বিএনপি ইসলামের সুরক্ষা নিশ্চিত করতে পারে। সে কারণে দেশের ওলামা-মাশায়েখবৃন্দ ধানের শীষের প্রতি তাদের আকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন।

একইভাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টসহ অন্যান্য ধর্মাবলম্বীরা জানে ধানের শীষ সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। সে কারণে তারাও ধানের শীষের প্রতি সমর্থন জানিয়েছে।

দেশের বীর মুক্তিযোদ্ধারা জানেন একমাত্র বিএনপি পারে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে এবং সমুন্নত রাখতে। সে কারণে বীর মুক্তিযোদ্ধারাও ধানের শীষের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। সমগ্র দেশের সকল শ্রেণি-পেশার মানুষ আজ ভালোভাবে উপলব্ধি করেছে একমাত্র বিএনপির হাতে দেশ নিরাপদ। সে কারণে দেশের সর্বস্তরের মানুষ ধানের শীষের প্রতি অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এটি নির্বাচনের আগে জনগণের সাথে বিএনপির সামাজিক চুক্তি। বিএনপি সরকার গঠন করলে সেটি হবে রাষ্ট্রীয় চুক্তি। বিএনপি জনগণের সামনে যে অঙ্গীকার করেছে, নির্বাচিত হলে পুরোপুরি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।

অনিন্দ্য ইসলাম অমিত দিনভর নওয়াপাড়া ইউনিয়নের তরফ নওয়াপাড়া, শেখহাটি কালিতলা, ঘুরুলিয়া দাসপাড়া, ঘুরুলিয়া পালপাড়া, তালবাড়িয়া গ্যারেজ মোড়, শালিয়াট, মালিয়াট, গোপালপুর নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন এবং সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।