ধানের শীষ জাতীয় ঐক্য ও উন্নয়নের প্রতীক: অনিন্দ্য ইসলাম অমিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, “ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়, এটি জাতীয় ঐক্যের প্রতীক। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার একমাত্র ঠিকানা বিএনপি।”

রোববার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের শেখহাটি আদর্শ পাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

ভোটের অধিকার রক্ষায় কড়া হুঁশিয়ারি বক্তব্যে অমিত ভোটারদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “দীর্ঘ ১৭ বছরের রক্তদান এবং আত্মত্যাগের বিনিময়ে আজ আপনারা ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। এই অর্জনকে নস্যাৎ করতে নতুন করে কোনো ভোট চোর বা ছিনতাইকারীর আবির্ভাব ঘটলে আমরা তা কঠোরভাবে প্রতিহত করবো। ফলাফল বুঝে না পাওয়া পর্যন্ত আমাদের নেতাকর্মীরা ভোট কেন্দ্র পাহারা দেবে এবং জনগণের অধিকার নিশ্চিত করবে।”

নির্বাচনী ইশতেহার ও সামাজিক অঙ্গীকার বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহারকে জনগণের সাথে ‘সামাজিক চুক্তি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন: বিএনপি সরকার গঠন করলে এই ইশতেহার হবে ‘রাষ্ট্রীয় চুক্তি’।জনগণের সামনে দেওয়া প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। দেশের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষায় বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

জনসাধারণের অকুণ্ঠ সমর্থন পথসভার শুরুতে স্থানীয় বিভিন্ন ধর্ম ও পেশার মানুষ অনিন্দ্য ইসলাম অমিতকে ফুল দিয়ে বরণ করে নেন এবং ভালোবাসা জানান। তিনি দিনভর নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ তার সাথে উপস্থিত ছিলেন।