বেনাপোলে ট্রাক থেকে ট্যাপেন্টাডলসহ ভারতীয় নাগরিক আটক

0
ছবি: সংগৃহীত।

বেনাপোল (যশোর)সংবাদদাতা ॥ শার্শা উপজেলার বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ট্যাপেন্টাল ওষুধসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, শনিবার দুপুরে বেনাপোল আইসিপির আমদানি-রফতানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা ট্রাকটির ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬শ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেন।

এ সময় আনার গাজী (৩৯) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটক ব্যক্তি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার মনিগ্রাম সুখপুকুর গ্রামের হাজরা গাজীর ছেলে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ ছিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপির আমদানি-রফতানি গেটে একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় ট্রাকের ভেতর থেকে অবৈধ ভারতীয় ১ হাজার ৬শ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। এ সময় একজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় ট্যাপেন্টাডলের আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।