যশোরে যুবলীগ ক্যাডার আরিফের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান: বিদেশি অস্ত্র ও মদসহ আটক- ৪

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসী ও যুবলীগ নামধারী আলোচিত ক্যাডার আরিফের বাড়িতে মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি, ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে মূল অভিযুক্ত আরিফ পালিয়ে গেলেও তার দুই ভাই ও তাদের স্ত্রীদের আটক করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টার পর যশোর শহরের ঢাকারোড বিসিএমসি কলেজ সংলগ্ন আরিফের বাড়িতে এই অভিযান শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন, ১ রাউন্ড গুলি, ১ বক্স এয়ারগানের গুলি, ২টি চাপাতি,২টি চাকু, ১টি টেলিস্কোপ, ৫ বোতল বিদেশি মদ ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে প্রধান অভিযুক্ত আরিফ কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। তবে ঘটনাস্থল থেকে তার দুই ভাই জোয়েব হাসান সাকি ও জাকির হোসেন সাগরকে আটক করা হয়।

এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য আরিফের স্ত্রী লোপা খাতুন এবং সাগরের স্ত্রী তাহেরা আক্তার তানিয়াকে আটক করে যৌথ বাহিনী। রাত সাড়ে চারটার দিকে তাদের সবাইকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রমতে, আওয়ামী লীগ সরকারের আমলে আরিফ ও তার ভাইয়েরা এলাকায় অত্যন্ত প্রভাবশালী ও দাপুটে ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন।

আরিফ ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের একটি অংশের বাহিনী প্রধান। এছাড়া তারা শাহীন চাকলাদারের ভাই ফন্টু চাকলাদারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।তাদের বিরুদ্ধে যুবলীগের নাম ভাঙিয়ে অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ অসংখ্য অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর আগেও তারা একাধিকবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন।

যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বর্তমানে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক আরিফকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত শেষে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।