যশোরে পৃথক শিশু আদালতের উদ্বোধন

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ বিচারিক কার্যক্রম আরও গতিশীল ও শিশুবান্ধব করতে যশোরে পৃথক একটি শিশু আদালতের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় যশোর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পঞ্চম তলায় ফিতা কেটে এই আদালতের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম।

ইউনিসেফের আর্থিক সহযোগিতা এবং আইন ও বিচার বিভাগের এসআরসি প্রকল্পের আওতায় এই আদালতটি স্থাপন করা হয়েছে।

আদালত উদ্বোধন শেষে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সেমিনার কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি ও প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে ‘শিশু আইন-২০১৩’ শীর্ষক দুই দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এস এম মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব এস এম এরশাদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিশু বিচার ব্যবস্থা ও সাধারণ ফৌজদারি বিচার ব্যবস্থার মৌলিক পার্থক্যগুলো তুলে ধরেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও থানার কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন আইনি দিকনির্দেশনা প্রদান করেন।

কর্মশালায় পারিবারিক সুরক্ষা, বিরোধ মীমাংসা ও প্রবেশন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মাইনুল হক।

এছাড়া শিশুর আইনগত প্রতিনিধিত্ব, আইনের সংস্পর্শে আসা শিশু, সুবিধাবঞ্চিত শিশু এবং বিকল্প পরিচর্যা বিষয়ে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক ড. আতোয়ার রহমান। প্রশিক্ষণ কর্মশালায় মোট ৩০ জন প্যানেল আইনজীবী অংশগ্রহণ করেন।