সুরের মূর্ছনায় দেয়াড়া মাতালেন শিল্পী সোহরাব; তরিকুলের অসমাপ্ত উন্নয়ন ও আগামীর স্বপ্ন নিয়ে অমিতের গণসংযোগ

0
দেয়াড়ায় ধানের শীষের প্রচারণায় শিল্পী সোহরাব মিয়ার গান; প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত জনতা ।। ছবি: লোকসমাজ

মাসুদ রানা বাবু ॥ গানে গানে অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষের নির্বাচনী প্রচারণা করেছেন শিল্পী সোহরাব মিয়া। শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের দেয়াড়া ইউনিয়নে প্রচারণার শুরুতে এড়েন্দা বাজারে একটি পথসভায় শিল্পী সোহরাব মিয়া গানের মাধ্যমে অনিন্দ্য ইসলাম অমিতের প্রচারণার পাশাপাশি তার পিতা তরিকুল ইসলামের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। একই সাথে আগামী দিনে জনগণের জন্য তারেক রহমানের কর্ম পরিকল্পনাও তার গানের মাধ্যমে তুলে ধরেন।

দেয়াড়া ইউনিয়নে অনিন্দ্য ইসলাম অমিতের আসার সংবাদ পেয়ে আগে থেকে এড়েন্দা গ্রামের রাস্তার পাশে দলীয় নেতাকর্মী সমর্থকসহ সাধারন মানুষ ফুল নিয়ে অপেক্ষা করতে থাকেন। তিনি রাস্তায় নামার সাথে সাথে ফুল ছিটিয়ে, মিছিল স্লোগান দিয়ে অনিন্দ্য ইসলাম অমিতকে ভালোবাসায় সিক্ত করার পাশাপাশি ধানের শীষের প্রতি অকুণ্ঠ সমর্থন জানান। এ সময় দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ প্রয়াত সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, বিএনপি জনগণের আস্থার প্রতিদান দেয় কাজের মাধ্যমে। বিগত দিনে দেয়াড়া ইউনিয়নবাসী যতবারই ধানের শীষে আস্থা রেখেছে, ততবারই উন্নয়নের মাধ্যমে তার প্রতিদান পেয়েছে। আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম এই ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা ঘাটের উন্নয়ন করেছিলেন। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছিলেন। তিনি ইউনিয়ন পরিষদের ভবন তৈরি করেছিলেন। আমার পিতার হাতে তৈরি রাস্তা ঘাট দীর্ঘ দিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আমি নতুন করে রাস্তা চলাচলের উপযোগী করতে চাই। অনিন্দ্য ইসলাম অমিত দিন ব্যাপী দেয়াড়া ইউনিয়নে গণসংযোগ করবেন।