সিলেটের ‘নীলনদ’ খ্যাত লালাখালে ডুবে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘নীলনদ’ খ্যাত লালাখাল নদীতে ডুবে হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১টার দিকে সিলেটের জৈন্তাপুর উপজেলার নীলনদ খ্যাত লালাখাল নদীতে ডুবে তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর নাম নিহত মো. মুসআব আমীন (২৮)। তিনি শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের মো. শহিদুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সকালে বন্ধুদের নিয়ে লালাখাল নদীতে ঘুরতে যান মুসআব আমীন। বেলা ১টার দিকে পানিতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে তলিয়ে যান আমীন। এরপর নিখোঁজের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের দুটি দল। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ৪টার দিকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহবুবুর রহমান মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহত আমীন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।