রাউজানে সরকারি অবহেলার ‘মৃত্যুকূপ’; গর্তে পড়ে প্রাণ গেল ৩ বছরের শিশু মেজবাহর

0
দশ মিনিটের ব্যবধানে সব শেষ; ছেলের ‘মা মা’ ডাক আজও কানে বাজছে রাশেদার ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ “গর্তের ভেতর থেকে ছেলেটা মা মা বলে ডাকছিল, আমি কিছুই করতে পারিনি।” বুক চাপড়ে এভাবেই বিলাপ করছিলেন রাশেদা আক্তার। চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রাম এখন এক শোকাতুর জনপদ। বুধবার বিকেলে আশ্রয়ণ প্রকল্পের ঘরের পাশে একটি পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে মারা যায় মেজবাহ (৩ বছর ২ মাস)।

সরেজমিনে দেখা যায়, সাইফুল-রাশেদা দম্পতির ঘরের মাত্র ৩০-৪০ ফুট দূরে চার বছর আগে সরকারিভাবে একটি গভীর নলকূপের গর্ত খোঁড়া হয়েছিল। সেখানে পানি না পাওয়ায় ১০ ফুট দূরে অন্য একটি নলকূপ বসানো হলেও আগের গর্তটি ভরাট করেনি সংশ্লিষ্ট ঠিকাদার মেসার্স আঁখি ইন্টারন্যাশনাল। গতকাল বিকেলে খেলতে গিয়ে সেই মৃত্যুকূপে পড়ে যায় মেজবাহ। বাবা সাইফুল আলম রশি ফেলে আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। চার ঘণ্টা পর রাত আটটায় ফায়ার সার্ভিস শিশুটির নিথর দেহ উদ্ধার করে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত উল্লাহ ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কথা স্বীকার করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম নিহতের পরিবারকে পাঁচ হাজার টাকা সহায়তা দিয়ে ঘটনার তদন্তের আশ্বাস দিলেও স্বজনহারা বাবা-মায়ের প্রশ্ন— “পাঁচ হাজার টাকায় কি আমার বুক খালি হওয়া ধন ফিরে আসবে?”