চুয়াডাঙ্গার দর্শনায় দলীয় পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিলেন চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি’র প্রার্থী মাহমুদ হাসান খান বাবু

0
চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু দর্শনায় দলীয় পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখছেন।। ছবি: লোকসমাজ

চুয়াডাঙ্গা প্রতিনিধি।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের পোলিং এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার অংকুর আদর্শ বিদ্যালয় চত্বরে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের ভূমিকা অপরিসীম। কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম হতে দেওয়া যাবে না। সাহসের সাথে আইন অনুযায়ী আপনাদের দায়িত্ব পালন করতে হবে।”

কর্মশালায় প্রধান ট্রেইনার হিসেবে নির্বাচনী প্রধান এজেন্ট ড. আব্দুস সবুর এবং সহকারী ট্রেইনার হিসেবে জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন পোলিং এজেন্টদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো হাতে-কলমে শিখিয়ে দেন। বিশেষ করে নির্বাচনী ফর্ম পূরণ, ভোট গণনা এবং কারিগরি বিষয়গুলোতে সজাগ থাকতে এজেন্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়। অনুষ্ঠানে দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাতসহ জেলা ও স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কয়েকশ কর্মীর এই অংশগ্রহণকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশলগত প্রস্তুতি হিসেবে দেখছে স্থানীয় বিএনপি।