চট্টগ্রামে র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

0
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে র‍্যাবের ওপর হামলায় জড়িতরা যত শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনাকে ঘৃণিত কাজ উল্লেখ করে শফিকুল আলম বলেন, যারা এই হামলার সাথে জড়িত তারা যত শক্তিশালী হোক না কেন, সকল শক্তি প্রয়োগ করে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।

উল্লেখ্য, সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে আসামি গ্রেপ্তারের জন্য র‍্যাব-৭-এর একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‍্যাবের চার সদস্য ও এক সোর্সকে আটক করে মারধর করে।

পরে খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক র‍্যাব-৭-এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।

প্রেস সচিব বলেন, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে ১২ ফেব্রয়ারিতেই নির্বাচন হবে। এক দিন আগে বা একদিন পরেও না।