রুমিন ফারহানাকে রিটার্নিং কর্মকর্তার নোটিশ, সশরীর হাজির হওয়ার নির্দেশ

0
নির্বাচনী উত্তাপের মাঝে আচরণবিধি ভঙ্গের বিতর্ক; সশরীরে হাজিরের নির্দেশ রুমিনকে।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রোববার রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এক আদেশে রুমিন ফারহানাকে আগামী ২২ জানুয়ারি বেলা ১১টায় সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার নোটিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামপুর এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বড় মঞ্চ নির্মাণ ও ৪০০-৫০০ লোকের উপস্থিতিতে জনসভা করছিলেন রুমিন ফারহানা। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে সমাবেশ বন্ধের নির্দেশ দিলে রুমিন ফারহানা তাঁর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হুমকি দিয়ে বলেন, “আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না, মাথায় রাইখেন। আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনব না।”

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল ইউএনও আবুবকর সরকার এই বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বিচারিক কমিটির কাছে চিঠি পাঠান। নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘মব’ সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্দিষ্ট সময়ে হাজির হয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ওই দিনই বিধি লঙ্ঘনের দায়ে তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।