আইনজীবীদের করোনাভ্যাকসিন ও বিনামূল্যে চিকিৎসার আবেদন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের

0

লোকসমাজ ডেস্ক॥আইনজীবীরা মানুষের ন্যায়বিচার নিশ্চিতকল্পে আইনের শাসন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত ফ্রন্টলাইনার হিসেবে গণ্য করে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান এবং দেশের সকল সরকারি হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত আইনজীবীদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি খরচে চিকিৎসা সেবা প্রদানে প্রয়োজনীয় নির্দেশনা ও জরুরি পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
স্বাস্থ্যমন্ত্রীর বরাবরে এ আবেদন করা হয়েছে বলে বৃহস্পতিবার সকালে ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন জানিয়েছেন। গত ১৯ এপ্রিল এ আবেদন করা হয়েছে।
আবেদনে বলা হয়েছে, করোনার এই ভয়াল মাহামারীতেও আইনজীবীদের প্রতিদিন আদালতে এসে হাজার হাজার বিচারপ্রার্থী মানুষের সংস্পর্শে এসে বিচারিক কাজে অংশগ্রহণ করতে হয়। যার ফলে সারা দেশে পাঁচ শতাধিক আইনজীবী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এখনো শতশত আইনজীবী করোনায় আক্রান্ত আছে। আইনজীবীরা হলো দেশের মানুষের সাংবিধানিক অধিকার ও মানবাধিকার রক্ষার কার্যক্রমের ফ্রন্টলাইনার। অতএব আইনজীবীদের করোনার হাত থেকে সুরক্ষা প্রদান করা, জীবন রক্ষার ক্ষেত্রে চিকিৎসা সেবা প্রদান করা রাষ্ট্রের দায়িত্ব।
কিন্তু দুঃখের বিষয়, করোনা মহামারীর টিকার প্রয়োগের ক্ষেত্রে আইনজীবীদের কোনো মুল্যায়ন করা হয়নি। কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে যে নীতিমালা ও শ্রেণী বিন্যাস সংক্রান্ত যে তালিকা প্রণয়ন করা হয়েছে, এর কোনো স্তরে আইনজীবীদের শ্রেণীর উল্লেখ নাই। যা সত্যিই লজ্জার।
আবেদনে মাহাবুব উদ্দিন খোকন বলেন, ‘অতি দুঃখের বিষয় যে, আইনের শাসনের অতন্দ্র প্রহরী আইনজীবীদের নাম স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক (কোভিড-১৯) এর ভ্যাকসিন প্রয়োগের চূড়ান্ত তালিকায় রাখা হয়নি।’
অগ্রাধিকার কোটায় আইনজীবীদের নাম না থাকায় আমরা হতবাক ও বিস্মিত। এছাড়াও সারা দেশে অনেক জেলা উপজেলায় করোনা আক্রান্ত আইনজীবীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হচ্ছে না ও ভর্তি করা হলেও সম্মানজনকভাবে কেবিন ও সিট দেয়া হচ্ছে না মর্মে অভিযোগ রয়েছে। ফলে অনেক আইনজীবীকে অর্থাভাবে বেসরকারি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে গিয়ে সর্বশান্ত হতে হচ্ছে।
অতএব জরুরি ভিওিতে অগ্রাধিকার তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের সুযোগ সৃষ্টিকল্পে সুনির্দিষ্ট নির্দেশনা জারি এবং করোনা আক্রান্ত আইনজীবীদের দেশের সব জেলা, উপজেলা ও মহানগর পর্যায়ের সরকারি হাসপাতালে দ্রুত কোভিড-১৯ টিকা প্রদান এবং প্রয়োজনে আইনের শাসনের অতন্দ্র প্রহরী আইনজীবীদের ভর্তি ও সম্মানজনক কেবিন ও সিট প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি।