ইউএনও শামীমার অডিও ভাইরাল—‘আমি আপনার আপু নই’

0
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান, যার ফোনালাপ বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ‘আপু’ সম্বোধন করায় এক ব্যক্তির ওপর চটেছেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান। গভীর রাত পর্যন্ত চলা একটি অনুষ্ঠান বন্ধ করার জেরে আয়োজকের সঙ্গে তাঁর কথোপকথনের একটি কলরেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় ‘রয়েল ফুটবল একাডেমি’র ১০ বছর পূর্তি উপলক্ষে একটি চড়ুইভাতির আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি রাত ১২টা পেরিয়ে গেলেও শেষ না হওয়ায় আয়োজক সংগঠনের সহসভাপতি মেহেরবান মিঠুকে ফোন করেন ইউএনও। কথোপকথনের একপর্যায়ে মিঠু পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ইউএনওকে ‘আপু’ বলে সম্বোধন করেন। এতে তাৎক্ষণিক ক্ষিপ্ত হয়ে ইউএনও শামীমা আক্তার বলেন, ‘আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন।’

এই ফোনালাপটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে ইউএনও শামীমা আক্তার গণমাধ্যমকে জানান, রাত ১টা পর্যন্ত অনুষ্ঠান চলায় তিনি শুরু থেকেই কঠোর অবস্থানে ছিলেন। নির্বাচনকালীন সময়ে রাত ১০টার মধ্যে অনুষ্ঠান শেষ করার প্রতিশ্রুতি থাকলেও তা না মানায় তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।