নির্বাচন পর্যবেক্ষণে মাঠে নেমেছেন ইইউ’র ৫৬ পর্যবেক্ষক

0
নির্বাচনী ময়দানে বিদেশিদের চোখ; দেশব্যাপী কাজ শুরু করল ইউরোপীয় ইউনিয়নের ৫৬ সদস্যের টিম।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে মাঠ পর্যায়ে শুরু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা থেকে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক দেশের ৬৪টি জেলার উদ্দেশে যাত্রা করেছেন।

সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্ডা লাসে জানান, দুই সদস্যের এক-একটি দল হয়ে পর্যবেক্ষকরা শহর থেকে শুরু করে নিভৃত পল্লী অঞ্চলেও কাজ করবেন। তাঁরা মাঠ পর্যায়ে ভোটার, প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন কর্মকর্তা ও নাগরিক পর্যবেক্ষকদের সাথে সরাসরি মতবিনিময় করবেন। ইন্ডা লাসে বলেন, “দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকদের অন্তর্দৃষ্টি নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে মূল ভিত্তি হিসেবে কাজ করবে।”

ইইউ মিশনভুক্ত এই পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রসহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকে এসেছেন। বাংলাদেশে মোতায়েনের আগে তাঁদের এ দেশের রাজনৈতিক পরিবেশ, আইনি কাঠামো ও গণমাধ্যম সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ কর্তৃপক্ষের আমন্ত্রণে এই মিশনটি গত ১১ জানুয়ারি থেকে কার্যক্রম শুরু করে, যার নেতৃত্বে রয়েছেন প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস।