সাবেক এমপি মমতাজের অবৈধ সম্পদের পাহাড়; বাড়ি-প্লট জব্দের আদেশ

0
সাবেক এমপি মমতাজ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ সাবেক সংসদ সদস্য ও প্রখ্যাত কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই ঐতিহাসিক আদেশ প্রদান করেন।

জব্দকৃত সম্পদের তালিকায় রয়েছে রাজধানীর মহাখালী ডিওএইচএস-এর একটি পাঁচতলা বাড়ি, পূর্বাচল প্রকল্পের ৯ কাঠার একটি প্লট, মানিকগঞ্জের সিংগাইরে দুটি দোতলা বাড়ি এবং মানিকগঞ্জ সদরে একটি চারতলা ভবন। এছাড়া তার মালিকানাধীন আরও ১২ বিঘা জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এই সম্পদগুলো ক্রোকের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মমতাজ বেগম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান চলাকালে এই সম্পদগুলো হস্তান্তর বা রূপান্তর হওয়ার আশঙ্কা থাকায় তা রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া প্রয়োজন।

উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাজধানীর ধানমণ্ডি থেকে ডিবি পুলিশ মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন।